কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চেয়ারম্যান পদের ব্যালট ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, ওই কেন্দ্রের টেবিলের উপর রাখা আছে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের ভোটের ব্যালট। কিন্তু চেয়ারম্যান পদের ভোটের ব্যালট নেই।
ইউনিয়নের চশমা প্রতীকের এজেন্ট মোহাম্মদ দুলাল মিয়া বলেন, প্রথমে নৌকার সমর্থক জাহাঙ্গীর মেম্বার ও উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল এসে নৌকা প্রতীকে ভোট চাপ দেন। পরে আমি তাদের বাধা দিলে তারা ব্যালটের বই নিয়ে চলে যায়।
নৌকা প্রতীকের এজেন্ট তসলিম মিয়া বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারার হোসেন বলেন, ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ সঠিক। এখানকার ৪৮টি ব্যালট চুরি হয়েছে। আমি প্রশাসনকে এটা অবহিত করেছি। ম্যাজিস্ট্রেট এসে ব্যবস্থা নেবেন।
উল্লেখ, সপ্তম ধাপে কুমিল্লার বুড়িচং ও দেবিদ্বার এই দুই উপজেলায় ভোট গ্রহণ চলছে।









