শপথ গ্রহণের দুই দিন আগে কুমিল্লায় জলিল মিয়া (৫৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
জলিল মিয়া মুরাদনগর উপজেলার ১ নম্বর শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর (চন্দনাইল ও সাহেবনগর) ওয়ার্ডের মেম্বার।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাশ জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি নবনির্বাচিত ২১টি ইউনিয়নের সকল সদস্যের শপথ গ্রহণের কথা রয়েছে। তবে জলিল মিয়ার মৃত্যু হওয়ায় ওই ওয়ার্ডের সদস্যপদ শূন্য রেখেই অন্য মেম্বারদের শপথ পাঠ করাবো। পরে ওই আসনের বিষয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
জলিল মিয়ার ভাতিজা উজ্জ্বল মিয়া জানান, কৃষিকাজ কাজ করতেন তিনি। চন্দনাইল বাজারে তার একটা মুদি দোকানও আছে। দুপুরে চন্দনাইল বাজার থেকে বাড়িতে আসার পর হঠাৎ বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন জলিল মিয়া। এরপর জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে দ্রুত শ্রীকাইল হৃদয় মেডিক্যাল হলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চন্দনাইল সাহেবনগর ঈদগা মাঠে জানাজার নামাজ শেষে দাফন করা হবে বলে জানান উজ্জ্বল মিয়া।
উল্লেখ, গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের গেজেটে নবনির্বাচিত ইউপি সদস্য জলিল মিয়ার নাম প্রকাশ পায়।









