ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে কাভার্ডভ্যান চাপায় নিহতের সংখ্যা বেড়ে চারে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান এবং অটোরিকশাকে জব্দ করে থানায় নিয়েছে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান- বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২)। জেলা সদর হাসপাতালে মারা যান ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২) ও ঢাকায় নেওয়ার পথে মারা যান হোসনে আরা বেগম (৪৮)।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেট অভিমুখী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন ১৩-৮৪৪৩) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে (ব্রাহ্মণবাড়িয়া থ ১১-২২৯৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে আরও দু'জন মারা যান।
নিহতের লাশ হাইওয়ে থানা থেকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।









