চট্টগ্রামে বৃহস্পতিবার (৩ মার্চ) করোনা শনাক্তের হার বাড়ার তথ্য জানানোর পর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৪ মার্চ) সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রামের ১৩টি ল্যাবে এক হাজার ৫৮৭ টি নমুনা পরীক্ষায় মাত্র ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৫৬ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন কেউ মারা যায়নি। এ নিয়ে গত ১৬ দিন করোনায় মৃত্যুহীন রয়েছে চট্টগ্রাম।
এর আগের দিন বৃহস্পতিবার (৩ মার্চ) এক হাজার ৮২৩টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৯১ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামে করোনা শনাক্তের হার অনেক কমে এসেছে। শুক্রবার মাত্র ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীতে সাত জন এবং দুই জন উপজেলার বাসিন্দা। ১৫টি উপজেলার মধ্যে হাটহাজারী ও ফটিছড়িতে একজন করে মোট দু'জন ব্যক্তির করোনা শনাক্ত হয়।
উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৫১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীতে ৯২ হাজার ১৩ ও জেলার ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৫০৬ জনের মধ্যে এ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে এক হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নগরীতে ৭৩৪ জন ও জেলায় ৬২৮ জন রয়েছেন।









