দুই বছরে (৮ মার্চ ২০২০ থেকে ৮ মার্চ ২০২২ পর্যন্ত) করোনায় এবং করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আট হাজার ১৮৭ জনকে দাফনে সহায়তা করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। এরমধ্যে ৫৪ জন সনাতন ধর্মাবলম্বী, আট জন বৌদ্ধ, ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমার এক সদস্য এবং একজন খ্রিস্টানসহ ৬৪ জনের সৎকারে সহায়তা করা হয়। এছাড়া ৫৯ জন বীর মুক্তিযোদ্ধা, অজ্ঞাত ৫৪ জনের লাশ, পাঁচ জন কারাবন্দি এবং ১৪ জন নওমুসলিমের দাফনে সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (৯ মার্চ) দুপুরে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, করোনাকালে এ পর্যন্ত ৩৮ হাজার ২০৯ জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয় ৯ হাজার ৩১১ জনকে। পাঁচ হাজার ৮৯৩ জনকে কোভিড-১৯ টেস্ট করানো হয়। ফ্রি ওষুধ এবং চিকিৎসা সেবা দেওয়া হয় আরও ২১ হাজার ২৯২ জনকে। শুধু তাই নয়; দেশে দুই দফা লকডাউনের সময় মোট আড়াই লাখ পরিবারকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছে গাউসিয়া কমিটি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, দেশে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। রোগী শনাক্ত হওয়ার কারণে আশপাশের বাড়ি-ঘরসহ উক্ত এলাকায় যে কঠিন লকডাউন এবং কোয়ারেন্টিন পরিস্থিতি ছিল তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা ছিল করোনায় মৃতের গোসল ও দাফন করা। গাউসিয়া কমিটি বাংলাদেশ এমন একটা ভীতিকর পরিস্থিতিতে ভুক্তভোগীদের পাশে দাঁড়ায়।
মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, ২০২০ সালের ২৯ মার্চ সিভিল সার্জন, বিভাগীয় কমিশনার, মেয়রসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে সাক্ষাৎ করে আমরা ঘোষণা করেছিলাম, কেউ করোনায় মারা গেলে তাদের গোসল-কাফন এবং দাফন করবে গাউসিয়া কমিটির মানবিক টিম। ওই বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে কাজ করতে আগ্রহী এমন সাতশ’ কর্মীর তালিকা শহরের পুলিশ এবং উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে দেওয়া হয়। ১৩ এপ্রিল পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকায় করোনায় মারা যাওয়া শিশুর দাফন কাজ দিয়ে শুরু হয় এ কাজ। গত দুই বছরে আট হাজার ১৮৭ জনকে দাফনে সহায়তা করেছে গাউসিয়া কমিটির মানবিক টিম।
এতে আরও বলা হয়, এ মুহূর্তে আমাদের বড় প্রত্যাশা এবং প্রতিশ্রুতি হলো, একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা। এ জন্য জমি বরাদ্দসহ সরকারের সার্বিক সহায়তা কমনা করেন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদা ইবনে দিদার, যুগ্ম মহাসচিব মাহাবুব হক খান, উত্তর জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, সেবা কার্যক্রমের কেন্দ্রীয় সদস্য আহসান হাবিব চৌধুরী, অধ্যাপক আবু তালেব বেলাল, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার এরশাদ খতিবী।








