আজ ১৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। এ দিনে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে জন্ম নেওয়া প্রথম শিশুর নাম রাখা হয়েছে বঙ্গমাতার ডাকনাম অনুসারে 'রেণু'।
জানা যায়, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ মার্চ পূর্বাহ্নে প্রথম ভূমিষ্ট হওয়া নবজাতককে শুভেচ্ছা জানানোর কথা ছিল। এরই অংশ হিসেবে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জন্ম নেওয়া প্রথম শিশুকে অভিনন্দন জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় শিশুর মায়ের হাতে ফুল ও শিশুটির জন্য শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি। একইসঙ্গে মায়ের অনুমতি নিয়ে বঙ্গমাতার ডাকনাম অনুসারে শিশুটির নাম রাখেন রেণু। রেণুর মাও এই নাম শুনে অত্যন্ত খুশি হন।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, ১৭ মার্চ প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ৫ মিনিটে ফরিদগঞ্জ উপজেলার সকদি রামপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী নাম লিজা (২৮) শিশু কন্যার জন্ম দেন। মা এবং নবজাতক দু'জনই সুস্থ আছেন। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসক শিশু ও তার মাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। উপহারও তুলে দেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, জাতির পিতার জন্মদিন উপলক্ষে আমরা এ উদ্যোগ নেই। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সকালে শিশু এবং মাকে শুভেচ্ছা জানিয়েছি। বাচ্চাটি খুব সুন্দর হয়েছে, সুস্থ আছে। এ জন্য খুবই ভালো লাগছে। রেণুর জীবন যেন সুন্দর হয়, আনন্দময় হয় সেজন্য দোয়া চাই।









