ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বড় ভাইয়ের মৃত্যুর দুই ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ মার্চ) বিকালে ওই গ্রামের খাঁ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে জামির খাঁর বড় ছেলে মিলন খাঁ (৬৪) দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর দুই ঘণ্টা পর বিকাল ৪টার দিকে তার ছোট ভাই ইউনুস খাঁ-ও (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ বিষয়ে তাদের ছোট ভাই জামাল মিয়া বলেন, ‘জোহরের নামাজের পর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমার বড় ভাই মিলন খাঁ। আমরা তাকে দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে বিকাল ৪টার দিকে আমার আরেক ভাই ইউনুস মিয়ার অসুস্থ হয়ে পড়েন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘আমার দুই ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা পাঁচ ভাই ও দুই বোন। এর মধ্যে আজ একই দিনে দুই ভাইকে হারালাম।’
এদিকে দুই ভাইয়ের পরপর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মোহাম্মদপুর গ্রামের সন্তান এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন। তিনি বলেন, ‘একই দিনে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা আসলেই মর্মান্তিক। আমি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সোলায়মান মিয়া জানান, বিকালে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।









