কুমিল্লার বরুড়া উপজেলায় একই মাদ্রাসার তিন শিশুকে ধর্ষণের অভিযোগে দুইটি মামলা করা হয়েছে। সোমবার (২১ মার্চ) রাতে বরুড়া থানায় মামলাগুলো করেন তিন শিশুর পরিবারের স্বজনরা।
মঙ্গলবার (২২ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘তিন শিশুকে ধর্ষণের অভিযোগে দুইটি মামলা করা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে স্থানীয় আলী আকবরকে (৫৫)। এ ছাড়াও ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছি।’
জানা গেছে, স্থানীয় একটি আবাসিক ও অনাবাসিক মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠে প্রতিদিন খেলাধুলা করতো। গত ১৯ ও ২০ মার্চ শিশুরা মাঠে খেলতে নামে ও তার বাড়ির আশপাশে ঘুরতে যায়। এ সময় তিন শিশুকে চকলেট ও ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায় আলী আকবর। পরে শিশুদের ধর্ষণ করে। শিশুরা বাড়ি এসে স্বজনদের জানালে তারা থানায় মামলা করেন। এদিকে ঘটনার পর থেকে আলী আকবর পলাতক।








