যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘দেশে আরও কয়েকটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা হবে।’ বুধবার (২৫ মে) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাহিদ আহসান রাসেল বলেন, ‘চাঁদপুর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মান দেওয়ার চিন্তাভাবনা আছে। কুমিল্লায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের প্রকল্প হাতে নিয়েছি। কক্সবাজারে নতুন স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছি। ঢাকা এবং আশপাশের অনেকগুলো জেলাকে আমরা বেছে নিচ্ছি। ফুটবল, ক্রিকেটের বিকল্প মাঠ হিসেবে যাতে করে কোনও সমস্যা হলেই এখানে এসে খেলাধুলা করে আবার ঢাকায় চলে যেতে পারে। নতুন করে কয়েকটি আন্তর্জাতিক মানের খেলার মাঠ নির্মাণ করবো। যাতে করে সামনে আমরা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করলে যেন মাঠের সমস্যা না হয়।’
তিনি বলেন, ‘চাঁদপুরের সাতটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম করা হবে। এটি কিন্তু অনেক বড় একটি বিষয়। এ ছাড়া দেশের সব স্টেডিয়ামের সংস্কার করে খেলার উপযোগী করা হবে। প্রধানমন্ত্রী চান, প্রত্যেক উপজেলায় যেন একটি করে মাঠ থাকে।’
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ প্রমুখ।









