চট্টগ্রামে আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলো— রাউজান উপজেলার পশ্চিম রাউজান এলাকার মো. আবুল খায়েরের ছেলে মো. সেলিম উদ্দিন (৫০) ও একই উপজেলার পৌরসভার ঢেউয়া হাজী পাড়ার মৃত শরফত আলীর ছেলে মো. ইসমাইল (৪২)। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নয়ারহাট আবাসিক এলাকার ফয়সাল টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার ওয়ারড্রোব এবং নিচতলায় রক্ষিত মোটরসাইকেলের সিটের নিচ থেকে মোট ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়— দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে তা চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল তারা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।









