কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নে ঈদুল আজহাকে কেন্দ্র করে ট্রাক ও পিকআপ ভ্যানে উচ্চশব্দে গান বাজালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চেয়ারম্যান।
শনিবার (৯ জুলাই) ইউনিয়ন পরিষদের নিজস্ব প্যাডে লিখিতভাবে এই ঘোষণা দেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ঈদুল ফিতরে এলাকার উঠতি বয়সের ছেলেরা পিকআপ ও ট্রাকে সাউন্ডবক্সে উচ্চশব্দে অশ্লীল গান বাজিয়ে উল্লাস করেছিল, যা আইনের পরিপন্থী ও সড়ক দুর্ঘটনার একটি কারণ। এলাকার দায়িত্বশীল ও চেয়ারম্যান হিসেবে এটা আমার দৃষ্টিগোচর হয়েছে। তরুণদের প্রতি অনুরোধ, ঈদুল আজহা উপলক্ষে এই ধরনের উশৃঙ্খল গান ও নাচের আয়োজন পরিহার করুন। পাশাপাশি বাবা-মায়ের অনুরোধ করবো, আপনার সন্তানকে সতর্ক করবেন, যাতে এই ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আড্ডা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘আমি জনপ্রতিনিধি। জনগণের মতের পক্ষে কথা বলাই আমাদের কাজ। আমার ইউনিয়নের মানুষ উশৃঙ্খল গান-বাজনা ও নাচানাচি পছন্দ করি না। আমি জনগণের সাথে আলোচনা করেই এ ব্যবস্থা নিয়েছি।’









