চট্টগ্রামের মীরসরাইয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল পিকআপ। এ সময় পিকআপটি আটকাতে গেলে ধাক্কায় মো. শাখাওয়াত হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২২ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এ সময় অরেটারিকশাতে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পিকআপসহ চালক মো. সোহেলকে (২৬) আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। সোহেল কক্সবাজার জেলার পেকুয়া থানার নাপিতখালী এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর বলেন, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের সামনে একটি অটোরিকশাকে একটি পিকআপ ধাক্কা দিলে তিন জন আহত হন। এসময় পিকআপ নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী পিকআপের গতিরোধ করতে গিয়ে ধাক্কায় শাখাওয়াত নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলে মারা গেছে। আমরা পিকআপচালক মো. সোহেলকে আটক করে থানায় নিয়ে এসেছি।









