চট্টগ্রামের হাটহাজারীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (২৮ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনির নার্গিস বেগম (৪০) ও তার ছেলে মো. তারেক (১৯)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাটহাজারী উপজেলার দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি ঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে ২০ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করা হয়।’
তিনি জানান, গ্রেফতার মা-ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে খুচরা ও পাইকারিতে বিক্রি করে আসছেন। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।









