চট্টগ্রামের মীরসরাইয়ে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ফুচকা-চটপটি বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির নাম রিপন সাহা (৩৫)। সে মীরসরাই সদর পোস্ট অফিসের সামনে ফুচকা ও চটপটি বিক্রি করেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, মীরসরাই সদরের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়ার জন্য সকাল ৭টার দিকে যাওয়ার পথে ফারুকিয়া মাদ্রাসা রোডের নির্জন সড়কে একা পেয়ে যৌন হয়রানি করে। এ সময় তার হাত থেকে বাঁচতে চিৎকার করলে আশপাশের মানুষ এলে সে পালিয়ে যায়।
ওই ছাত্রীর অভিভাবক বিষয়টি থানা পুলিশকে জানালে ওই সড়কে থাকা একাধিক সিসি ক্যামেরা পর্যালোচনা করে যৌন হয়রানির সত্যতা মেলে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করে মীরসরাই থানা পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন।
মীরসরাই থানার ওসি কবির হোসেন জানান, ফারুকিয়া মাদ্রাসা সড়কে থাকা একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে যৌন হয়রানির বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত রিপন সাহাকে বিধি অনুযায়ী এক মাসের সাজা দেওয়া হয়েছে।









