বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অংছাইং উ পুলুকে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাদ্দাম হোসেন মানিককে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে বান্দরবান ঐতিহাসিক রাজার মাঠে এই সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি। এর আগে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের সূচনা করেন অতিথিরা।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা থেকে শুরু করে যেসব উন্নয়নমূলক কাজ করেছে তা তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য ছাত্রলীগকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। এ সময় তিনি নতুন নেতৃবৃন্দকে দলীয় কর্মীসহ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের নীতি-আদর্শ ছড়িয়ে দেওয়া, আগামী নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আল নাহিয়ান খান জয় বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু এখনও একাত্তরের স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই। বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের নামে সন্ত্রাস করছে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য ছাত্রলীগ সবসময় প্রস্তুত রয়েছে। নতুন কমিটিকে আগামী প্রজন্মের জন্য তৈরির পাশাপাশি আসন্ন সংসদ নিবার্চনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি পাহাড় ও সমতলের নানা বিষয় ও ছাত্ররাজনীতি নিয়ে বক্তৃতা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর।









