দেশজুড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যুরোধে চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত হয়েছে মাসব্যাপী ক্যাম্পেইন। বাঁশখালী টাইমসের উদ্যোগে ও সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় এই ক্যাম্পেইনের সমাপনী আয়োজনে বাঁশখালী গালর্স ডিগ্রি কলেজ মিলনায়তনে সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সালমা আদিলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বাঁশখালী টাইমসের বিভাগীয় সম্পাদক মঈনুল আজীমের সঞ্চালনায় সচেতনতা সমাবেশে স্বাগত বক্তব্য দেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পবিত্র হজের খুতবার বাংলা অনুবাদকারী হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী হাফেজ মাওলানা ড. শোয়াইব রশীদ মাক্কী।
এতে আলোচক হিসেবে বক্তব্য দেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আইয়ুব, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন আকতার, বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফরহাদ উদ্দিন চৌধুরী, সমাজসেবী রহিমা গুলশান, সাংবাদিক কল্যাণ বডুয়া প্রমুখ।
অনুষ্ঠানে সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, টপ অব মাইন্ড গ্রুপের সিএফও এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা লায়ন এম জে এফ সালমা আদিল বলেন, ‘পুকুরে ডুবে মৃত্যুরোধে সচেতনতা নিয়ে দেশে প্রথমবারের মতো একটি মাসব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়ে গেল। এতে আমি অভিভূত। বাঁশখালীতে ৩০টি সংগঠনের কর্মীরা অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে কাজ করে এই ক্যাম্পেইনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিশুমৃত্যু নিয়ে সচেতনতার ডাক দিয়ে তারা একটি ইতিবাচক জাগরণ সৃষ্টি করেছে। বাঁশখালী টাইমসের এই জনগুরুত্বপূর্ণ উদ্যোগে সালমা আদিল ফাউন্ডেশন পাশে থাকতে পেরে আনন্দিত।’
পরে মাসব্যাপী এই সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করে সচেতনতামূলক কার্যক্রমগুলো পরিচালনার স্বীকৃতি হিসেবে ৩০ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত সংগঠনগুলো হলো হাজিগাঁও অগ্রণী ক্লাব, মুক্তধারা ১৬, হানিয়া পাড়া যুব উন্নয়ন সংস্থা, বাঁশখালী বিকিরণ সংস্থা, একুশে ফাউন্ডেশন, হৃদয়ে পুইছড়ী ব্লাড ব্যাংক, স্বপ্নতরী ফাউন্ডেশন, বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাব, কৃষকের বাজার সামাজিক সংগঠন, দক্ষিণ ছনুয়া ছাত্র পরিষদ, ছনুয়া ব্লাড ব্যাংক, শীলকূপ ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব, শেখেরখীল ব্লাড ব্যাংক, বাহারচরা ইউনিয়ন ব্লাড ফোরাম, অরুণ রাঙা একতা সংঘ, স্বপ্নকুঁড়ি, ইলশা স্বপচূড়া সংঘ, সূর্য তরুণ ক্লাব, হাজী এহছান আলীর বাড়ি একতা সংঘ, চাঁদ খলিফার পাড়া তরুণ একতা সংঘ, গ্লামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংক, উষার আলো ফাউন্ডেশন, সৃজনী সাংস্কৃতিক সাংসদ, ফারুক-আমিন হেল্প ক্যারিয়ার, শীলকূপ ঐক্য সংসদ, পশ্চিম মনকিচর আল-আমিন সংগঠন, শেফা প্রতিবন্ধী ও রোগী কল্যাণ সংগঠন, ডোনেট ওয়ান পার্সেন্ট, আলোকিত রত্নপুর, চিরঞ্জীব জলকদর প্রভৃতি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক আরকানুল ইসলাম, সমাপনী বক্তব্য রাখেন বাঁশখালী টাইমসের হেড অব ভিডিও কন্টেন্ট রিয়াহুল হক রিফাত।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ড. মাওলানা হাফেজ শোয়াইব রশিদ মক্কী বলেন, ‘পুকুরে ডুবে মৃত্যুরোধে বাঁশখালী টাইমস ও সালমা আদিল ফাউন্ডেশন যে ক্যাম্পেইন পরিচালনা করেছেন, তা এক কথায় অনবদ্য। তরুণ সমাজকে সম্পৃক্ত করে এমন একটি জনগুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমি তাদের সাধুবাদ জানাই।’









