ব্রাহ্মণবাড়িয়ায় এহসান উল্লাহ (১৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এহসান নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের আমতলী গ্রামের মৃত শরীয়ত উল্লাহর ছেলে। সে জেলা শহরের মধ্যপাড়ায় মারকাজুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসায় থেকে আদব বিভাগে পড়তো। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার এক সহপাঠীকে (১৭) থানায় নিয়ে গেছে পুলিশ।
ওই শিক্ষার্থী জানায়, সে ও এহসান রাতে দুটি সাইকেল নিয়ে বের হয়। শহরের ফ্লাইওভারে ঘুরছিল তারা। এহসানের সাইকেল সামনে ছিল। কিছুক্ষণ পর তার সহপাঠী দেখে, আশিক প্লাজার সামনে অচেতন হয়ে পড়ে আছে এহসান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মারকাজুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শিব্বির আহমেদ বলেন, ‘আমাদের মাদ্রাসাটি আবাসিক। এখানে ১২৫ জন ছাত্র রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পাঠদান চলে। এহসান ও তার এক সহপাঠী কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরে জানতে পারি, এহসানের লাশ হাসপাতালে।’
শহর ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান, এহসানের সহপাঠী অসংলগ্ন কথা বলছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে। ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন ফেলে ও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।








