ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ এখন সম্পদশালী। যদি আমরা আমাদেরকে ঠিক রাখতে পারি, আমাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সামনে এগিয়ে যেতে পারি- তাহলে আমাদেরকে কেউ পরাভূত করতে পারবে না। ইউরোপ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হতে পারে, কিন্তু বাংলাদেশ কখনও দারিদ্র্যের মুখ দেখবে না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো এবং আমরা সফল হবো।’
এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে" প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে এই সমাবেশ হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘শেখ হাসিনাকে আমরা আশ্বাস দিতে পারি। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী যে পরিশ্রম করছেন, ২০৪১ সালে সোনার বাংলা গড়ে উঠবে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. শাহগীর আলম, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুশান্ত সাহাসহ মাঠ পর্যায়ের কৃষকেরা।









