চট্টগ্রামে অবৈধভাবে দখলে থাকা পাঁচটি সরকারি পরিত্যক্ত বাড়ি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) নগরের খুলশী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সরকারি বাড়ি দখলদারদের কবল থেকে উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। এ সময় গণপূর্ত বিভাগ, সরকারি আবাসন অধিদফতর, বিদ্যুৎ বিভাগ, কর্ণফুলী গ্যাস ও নগর পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।
সংশ্লিষ্টরা জানান, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড চট্টগ্রামের ১৭০তম সভায় সরকারি পরিত্যক্ত বাড়ি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুককে নিয়োগ করা হয়।
উমর ফারুক বলেন, নগরীর খুলশী থানা এলাকার সরকারি পরিত্যক্ত বাড়ি ৭১, ৭২, ৭৩/৭৪,৭৬ ও ৮৯ নম্বর অবৈধ দখল থেকে উচ্ছেদ করা হয়। পাঁচটি বাড়ির জমির পরিমাণ ১২৮ শতক। বাজারমূল্য কয়েক কোটি টাকা।









