কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। এই উপলক্ষে গত কয়েকদিন ধরে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। তবে যেসব নেতাকর্মী আগে আসতে পারেননি এবং যারা এসেও কুমিল্লার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিলেন শনিবার (২৬ নভেম্বর) সকাল থেকে তারা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন।
বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন দুপুর ২টা থেকে। দলটির নেতারা বলছেন, সমাবেশ শুরু হয়ে গেছে একদিন আগেই, শুধু বাকি ছিল অনুষ্ঠানিকতা। আজকের বিভাগীয় গণসমাবেশও সফল হবে।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিএনপি নেতা মো. সোহেল বলেন, ‘বেগম জিয়ার মুক্তির দাবিতে যা করা দরকার কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশে তাই করবো। সকালে আমরা প্রায় ৫০০ নেতাকর্মী এসেছি। এর আগে আরও প্রায় হাজার দশেক নেতাকর্মী আমাদের এলাকা থেকে এসেছে। সাধারণ মানুষও যোগ দিচ্ছে সমাবেশে।’
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘জনস্রোত আসছে। এখন আর সমাবেশ কুমিল্লা টাউনহলে নেই, ছড়িয়ে পড়েছে পুরো শহরে। মাঠ ও মাঠের আশপাশে আর দাঁড়ানোর জায়গা নেই। মানুষের এই স্রোতই প্রমাণ করে বাংলাদেশের মানুষ আর এই ভোট চোর সরকারকে চায় না। তারা ভোট চায়, ভাত চায়, সর্বোপরি বাঁচতে চায়।’









