আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা। এর পর থেকে বাঙালি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযোদ্ধারা একে একে মারা যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ আছে, থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। দেশের উন্নয়ন ও শান্তির জন্য শেখ হাসিনার কোনও বিকল্প হয়ে উঠেনি।’
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বেলা সাড়ে ১১টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে আনুষ্ঠানিকতা শুরু হয়। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই সম্মেলন হচ্ছে।
মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি যে হাত দিয়ে আক্রমণ করবে তা ভেঙে দিতে হবে, এটা শেখ হাসিনার কথা।’ বিএনপির সন্ত্রাস কর্ম প্রতিহত করতে প্রধানমন্ত্রী এ নির্দেশ মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। তিনি ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার কথা রয়েছে। অতিথি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন।
ইতিমধ্যেই মিছিল নিয়ে সম্মেলনে এসেছেন হাজার হাজার নেতাকর্মী। এখনও আসছেন নেতাকর্মীরা। সভা সঞ্চালনা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।









