সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে টানা তৃতীয়বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করায় তার নিজ জেলা শহর মাইজদীসহ জেলাজুড়ে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। এ উপলক্ষে চলছে মিষ্টি বিতরণ।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম ঘোষণার করার সঙ্গে সঙ্গে জেলার দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মী ও সমর্থকরা।
জানা গেছে, এই পদে নাম ঘোষণার পরই জেলা শহরে জড়ো হয়ে মিছিল বের করেন নেতাকর্মীরা। এরপর মিষ্টি বিতরণ করা হয়। তার নির্বাচনি এলাকা (নোয়াখালী-৫) কোম্পানীগঞ্জ ও কবিরহাটে আনন্দ মিছিল হয়েছে। সেখানেও চলছে মিষ্টি বিতরণ।
জানা গেছে, ১৯৭৮ সালে আওয়ামী লীগের দ্বাদশ সম্মেলনে নোয়াখালী থেকে দলটির একমাত্র সভাপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুল মালেক উকিল। এরপর এখান থেকে আর কেউ দীর্ঘ মেয়াদে এত বড় পদ পাননি।
এরপর ২০১৬ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলনে ২০১৬-২০১৯ মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। ২০১৯ সালের ২১ ডিসেম্বর ২১তম জাতীয় সম্মেলনেও তিনি দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। আজ তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন। এ কারণে দলমত নির্বেশেষে জেলার সাধারণ মানুষও বেশ উচ্ছ্বসিত।
সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, সহ-সভাপতি শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।
এই বিষয়ে বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামসছুদ্দিন নোমান বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদেরকে তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় উপজেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি।
উল্লেখ্য, ওবায়দুল কাদের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই রাজনীতিবিদ।









