চট্টগ্রাম নগরে পুরনো ভবন ভাঙার সময় দেয়াল ধসে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে দেয়াল ধসের ঘটনায় দুজনের মৃত্যু হলো।
সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রওনক চক্রবর্তী (৫৭) সাতকানিয়া উপজেলার কালিয়াইশ মৌলভীর দোকান এলাকার দুলাল চক্রবর্তীর ছেলে। ঘটনাস্থলে মারা যাওয়া মোহাম্মদ জসিম উদ্দিন (৪১) ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকার আবদুল খালেকের ছেলে।
এর আগে বুধবার বিকাল ৪টার দিকে কোতোয়ালি থানার জামালখান এলাকায় শিকদার হোটেলের পাশে পুরাতন ভবন ভাঙার সময় দেয়াল ধসের এ ঘটনা ঘটে। দেয়ালটি দুই পথচারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একতলা ভবনের ভাঙার কাজ চলছিল। এ সময় ভবনটির রাস্তার পাশে থাকা দেয়ালটি ভেঙে পথচারীর ওপর পড়ে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেয়াল ধসে দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঘটনাস্থলে অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’









