কোনও সনদ না থাকলেও চিকিৎসা প্রদান করার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আব্দুর রহমান (২৪) নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আইছাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান ওই ইউনিয়নের আইছাপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আবদুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও ভেটেনারি চিকিৎসা দিয়ে আসছেন। কোনও সনদ না থাকলেও একাধিক রোগের চিকিৎসা দিয়ে প্রতারণা করে আসছেন- এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয় সেখানে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি তার অভিযোগ স্বীকার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএমডিসির রেজিস্ট্রেশন সনদ ব্যতীত চিকিৎসা দেওয়ার অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে। এমনকি অভিযানকালে তা প্রমাণিত হয় এবং তার চেম্বারে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধও পাওয়া যায়। পরে তাকে বিধি অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুর রহমান এবং সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।









