চট্টগ্রামে দুই কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ১১ জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বায়েজিদ বোস্তামী এবং পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর মধ্যে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার সানি গ্রুপের প্রধান রিয়াজ উদ্দিন সানিসহ (২৪) সাত জনকে গ্রেফতার করা হয়। বাকিরা হলেন সাদ্দাম হোসেন (২০), আব্দুল মান্নান (২০), তানভীর (২০), সোহেল রানা (২১), রবিউল হোসেন (১৮) এবং আল রাব্বি (২৪)।
র্যাব জানায়, কিশোর গ্যাং সানি গ্রুপ বায়েজিদ বোস্তামী থানা এলাকায় স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম। রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্মে জড়িত এই গ্রুপের সদস্যরা। গ্রুপের প্রধান রিয়াজ উদ্দিন সানি বায়েজিদ বোস্তামী এলাকায় একটি হত্যা মামলার আসামি। কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে কিশোর গ্যাং গড়ে ছিনতাই, চাঁদাবাজি ও মারামারি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এই গ্রুপের সদস্যরা দিনে-দুপুরে ছিনতাই ও চাঁদাবাজি করতেন। তারা সবাই মাদকাসক্ত।
একই দিন নগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং পিচ্চি সাকিব গ্রুপের প্রধান মো. সাকিবসহ (১৮) চার জনকে গ্রেফতার করা হয়। বাকিরা হলেন মো. জসিম (২৫), মো. রাকিব (১৯) ও বেলাল মিয়া (২৩)।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পিচ্চি সাকিব কিশোর গ্যাংয়ের সদস্যরা পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ভাড়ায় মারামারি ও টাকার বিনিময়ে জমি দখলের মতো অপরাধ করে বেড়াতেন। গ্রুপের সদস্যদের মূল কাজ ছিল সন্ধ্যার পর একত্রিত হয়ে রাস্তায় ছিনতাই করা। বিভিন্ন দোকানির কাছ থেকে চাঁদা আদায় করতেন। তাদের ভয়ে এলাকার মানুষ আতঙ্কে ছিল। গ্রেফতারকৃতদের সবার বিরুদ্ধে পাহাড়তলী থানায় ছিনতাই ও মারামারির মামলা আছে।’









