পাহাড় কাটার সংবাদ করায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আইয়ুব মিয়াজী (৩৪) নামে এক সাংবাদিককে মারধর করে দোতলা থেকে নিচে ফেলে দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকালে ঢাকার কমলাপুর এর সর্দারপাড়া কলোনি থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতাররা হলেন- মামলার এজাহারনামীয় আসামি চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার আব্দুল মোনাফের ছেলে মো. আলাউদ্দিন (৩৫) ও একই উপজেলার পূর্ব দোহাজারী এলাকার আবদুল ছবুরের ছেলে মো. ফারুক (২৬)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে আইয়ুব মিয়াজীর ওপর দুর্বৃত্তরা এ হামলা চালায়। পাহাড় কাটার বিষয়ে আইয়ুব মিয়াজী ধারাবাহিকভাবে বেশ কয়েকটি প্রতিবেদন করেছিলেন। ভিকটিমের ভাষ্যমতে এসব সংবাদ প্রকাশ হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী মো. আলাউদ্দিন ও মোহাম্মদ ফারুক তাকে হুমকি দেন। পরে দোহাজারীর স্টেশন রোডের আরকে প্লাজায় অবস্থিত তার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গত ৪ এপ্রিল বিকালে আলাউদ্দিন, ফারুকসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি প্রবেশ করেন। তাদের সঙ্গে একজন নারীও ছিলেন। হামলাকারীরা এসে অতর্কিতভাবে আইয়ুব মিয়াজীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাকে দোতলা থেকে ফেলে দিয়ে আহত করে। আইয়ুব মিয়াজী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় দুইজন নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মামলা করেন।’
এরই মধ্যে তাকে দোতলা থেকে ফেলে দেওয়ার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার বিচার দাবি করেছেন স্থানীয় সাংবাদিকরা।
আইয়ুব মিয়াজী দৈনিক জনবাণী, পূর্বতারা ও দি ক্রাইম চট্টগ্রামের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। দোহাজারী পৌরসভা এলাকায় আরকে প্লাজার দোতলায় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে তার।
আইয়ুব মিয়াজীর বাবা আবদুল শুক্কুর বলেন, ‘আমার ছেলে পাহাড় কাটা নিয়ে পত্রিকায় সংবাদ করেছিল। এ কারণে পাহাড় কাটায় জড়িতরা ক্ষুব্ধ হয়ে তার কম্পিউটার দোকানে হামলা চালায়। ওই সময় দোকান ভাঙচুর করে তাকে পিটিয়ে আহত করে। পরে দোকানের দোতলা থেকে নিচে ফেলে দেয়। ওইদিন তাকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। বর্তমানে সেখানে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ভালো নয়।’









