আলোচিত পুলিশ সদস্য শওকত চাকরিচ্যুত, কারণ জানালেন উপকমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ এপ্রিল ২০২৩, ২০:০৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২০:০৩

মানবিক কাজ করে আলোচনায় আসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের কর্ণফুলী থানার কনস্টেবল শওকত হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।

গত ১৬ এপ্রিল তার চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর জোনের উপকমিশনার (ডিসি) শাকিলা সোলতানা। এরই মধ্যে আদেশের কপি সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের দফতরে পাঠানো হয়েছে। আদেশের কপি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন কমিশনার কৃষ্ণপদ রায়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন উপকমিশনার শাকিলা সোলতানা। তিনি বলেন, ‘শওকত টানা ৭১ দিন কর্মস্থলে উপস্থিত ছিলেন না। এ কারণে শোকজ করা হয়। শোকজের জবাব না দেওয়ায় তার নামে বিভাগীয় মামলা হয়। তারপরও উপস্থিত হননি। সব প্রক্রিয়া মেনেই চাকরিচ্যুত করা হয়েছে।’

চাকরিচ্যুতির আদেশে বলা হয়েছে, ‘শওকত হোসেন ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়া শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং বেওয়ারিশ মানুষ নিয়ে মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয়। এমন বক্তব্য লিখিতভাবে পুলিশ কর্তৃপক্ষকে জানানোর পর চাকরিচ্যুত করা হয়।’

আদেশের কপিতে আরও বলা হয়, ‘কর্ণফুলী থানায় দায়িত্বরত কনস্টেবল শওকত হোসেন ২০২১ সালের ২৬ অক্টোবর অসুস্থ হলে দামপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই বছরের ৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর চিকিৎসক এক সপ্তাহের পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। কিন্তু ওই বছরের ৯ নভেম্বর থেকে ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। গত ১১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তার কাছে লিখিত জবাব দেন শওকত। সেখানে উল্লেখ করেন, “বেওয়ারিশ মানুষকে নিয়ে মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে তার চাকরি করা সম্ভব নয়”।’

শওকত হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা। ২০০৫ সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। ২০০৯ সালে ঢাকা থেকে রাঙামাটিতে বদলি করা হয়। সেখান থেকে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে বদলি করা হয়। চাকরির পাশাপাশি তিন বছরের ডিপ্লোমা এবং দুই বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করেন। নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ২০১১ সাল থেকে মহানগরীর অসহায়, দুস্থ ও বেওয়ারিশ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া শুরু করেন। তার মানবিক কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ডবলমুরিং থানা এলাকায় একটি মাহফিলে অতিথি হয়ে যান এবং বিতর্কিত বক্তব্য দেন। সেই বক্তব্যের জেরে দামপাড়া পুলিশ হাসপাতাল থেকে তাকে কর্ণফুলী থানায় বদলি করা হয়।

তাকে চাকরিচ্যুত করার বিষয়ে জানতে চাইলে সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে চাকরিতে অনুপস্থিত ছিলেন শওকত। নিয়ম অনুযায়ী অনেকবার নোটিশ দেওয়া হয়েছে। বিভাগীয় মামলা হয়েছিল। তিনি চাকরি করবেন না বলে জানিয়েছেন। এ জন্য সব প্রক্রিয়া মেনে চাকরিচ্যুত করা হয়েছে। এটি স্বাভাবিক প্রক্রিয়া।’

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী