কক্সবাজার সদরের মাঝির ঘাট এলাকায় ট্রলার ভর্তি ইয়াবা জব্দের মামলায় ৯ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ট্রলার মালিক সুলতান আহমদকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল এ রায় ঘোষণা করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এ তথ্য জানান।
মামলার অন্য আট আসামিকে কারাদণ্ডের পাশাপাশি নগদ এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন।
ওই আট আসামি হলেন– আবদুর রউফ, মো. আবদুর রাজ্জাক মিয়া, মিজানুর রহমান, মো. হাবিবুল্লাহ, জাহিদ হোসেন, মো. জাহাঙ্গীর, মো. আবদুল হামিদ, মো. ওসমান গণি।
পিপি ফরিদুল আলম জানান, ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি শহরের মাঝির ঘাট এলাকায় সুলতান আহমেদের ট্রলার থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করে র্যাব। এ সময় ট্রলারে থাকা আট জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুলতান আহমেদের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরও ৫০ হাজার ইয়াবা। ঘটনা প্রমাণিত হওয়ায় ৯ জনের বিরুদ্ধে আদালত এ রায় দেন।









