চট্টগ্রামে ডেসটিনি ২০০০ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন (৪৮) সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৬ শরীফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকার বাসিন্দা মোহাম্মদ রেজা।
মামলার বাকি আসামিরা হলো–ডেসটিনি ২০০০ লিমিটেড এর প্রধান নির্বাহী ডায়মন্ড এক্সিকিউটিভ সুবোধ চন্দ্র রায় (৪২), ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাসিন্দা মোহাম্মদ হোসেন (৫২), চেয়ারম্যান ডিটিপিএল লে.জে. (অব.) এম হারুন-অর রশিদ, পরিচালক মোহাম্মদ গোফরানুল হক (৪৬), পটিয়া এজেন্সি প্রধান এর ব্যক্তিগত সহকারী তপন চন্দ্র দাশ তপু (৪৬), সিইও ডক্টর সামশুল আলম ভূঞা ও ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম।
৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি দায়ের করা হয়।
বাদী পক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতারণার মাধ্যমে অর্থ হাতানোর অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মোহাম্মদ রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ডেসটিনি ২০০০ লি. এর সহযোগী প্রতিষ্ঠান ট্রি প্ল্যান্টেশন লিমিটেড এ ২০০৬ সালে বিভিন্ন ধাপে ৬, ৯ ও ১২ বছর মেয়াদী হিসেবে ৮ লাখ টাকা বিনিয়োগ করি। প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেছিল ৬ বছর মেয়াদে ৮ হাজার টাকা রাখলে তারা ৬ বছর পর ২০ হাজার টাকা প্রদান করবে। এমন লোভনীয় অফারে আকৃষ্ট হয়ে ৮ লাখ টাকা বিনিয়োগ করি। মেয়াদ শেষে এ টাকা পাওয়া যাচ্ছে না। বর্তমানে তাদের হিসেবে ৪৪ লাখ ৫০ হাজার টাকার বেশি প্রাপ্য। এ কারণে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছি।









