চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যাওয়া রিকশাচালক জাহেদ আলীর পরিবারকে পাঁচ লাখ টাকার স্থায়ী আমানত করে দেওয়া হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৬ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
এর আগে গত রবিবার অক্সিজেন মোড় দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ছিঁড়ে রিকশাচালক জাহেদ আলীর গায়ে পড়ে স্পৃষ্ট ও দগ্ধ হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
জাহেদ আলীর বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের কুলগাঁও এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী ও আট মাসের এক শিশুসন্তান আছে।
ডিসি মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘মঙ্গলবার সকালে আমার সঙ্গে কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। এ সময় প্রতিমন্ত্রী আমার কাছে জানতে চান, বিদ্যুতের লাইনটি কার। লাইনটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বলে জানাই। পরে প্রতিমন্ত্রী পরিবারটিকে পাঁচ লাখ টাকা স্থায়ী আমানত করে দেওয়ার নির্দেশ দেন। শিগগিরই এটি সম্পন্ন করা হবে।’
পিডিবির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দ্রুত পরিবারটিকে পাঁচ লাখ টাকার একটি স্থায়ী আমানত করে দেওয়া হবে জানিয়ে ফখরুজ্জামান আরও বলেন, ‘এর পাশাপাশি জাহেদ আলীর পরিবারে যদি যোগ্য কেউ থাকেন, তাহলে তার চাকরির ব্যবস্থা করা হবে বলে প্রতিমন্ত্রী ও সচিব আশ্বাস দিয়েছেন।’









