চাঁদপুর জেলা আওয়ামী লীগ অফিসের নিচে সাঁটানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ ছবি ছেঁড়ায় আমিন দেওয়ান (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (১১ জুন) বিকালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. সেলিম উল্লাহ অভিযোগের ভিত্তিতে শহরের 'শপথ চত্বর' এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এর আগে সকালে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ করেন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী বাদল গাজী।
আমিন দেওয়ান (৪০) শহরের কোড়ালিয়া রোডের জিন্নাহ দেওয়ানের ছেলে। পুলিশ প্রাথমিকভাবে বলছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন।
জানা যায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগ অফিসের পতাকা স্ট্যান্ডের পাশে বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ ছবিটি অজ্ঞাতনামা ব্যক্তিরা ভাঙচুর করে। বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল অবগত হন। পরে সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে অজ্ঞাতনামা ব্যক্তিকে ৯ জুন বিকাল ৪টায় ছবিটি ভাঙচুর ও ছিঁড়তে দেখা যায়।
এ নিয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, অভিযোগের ভিত্তিতে আমিন দেওয়ান নামের একজনকে আটক করা হয়েছে। তাকে হাজতখানায় রাখার পর সে অস্বাভাবিক আচরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে মানসিক ভারসাম্যহীন। তার ব্যাপারে যাচাই-বাছাই চলছে। স্বজনদের ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, এই ধরনের কার্যকলাপ আমাদের দেশের জন্য এবং দলের জন্য বড় ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে। যে কাজটি করেছে, তার পেছনে কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।









