চট্টগ্রামের জামালখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ছবি ভাঙচুরের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নগরের কোতোয়ালি ও চকবাজার থানা এলাকায় বুধবার (১৪ জুন) রাতে মামলা দুটি করা হয়। এ ঘটনায় নগর ছাত্রদলের সাবেক এক নেতাকে অস্ত্রসহ ২৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
এর আগে, বুধবার নগরের কাজির দেউড়ি মোড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয় তারুণ্যের সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ উঠেছে, সমাবেশে যাওয়ার সময় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল, ছবি ভাঙচুর করেন। এর আগে চট্টগ্রাম কলেজের সামনে তাদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন বলেন, ‘নগরের কোতোয়ালি থানাধীন জামালখান মোড়ে দেয়ালে অঙ্কিত বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সংবলিত ট্যাম্পার্ড, গ্লাস, মুর্যাল ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। এ ঘটনায় ৭৮ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। চট্টগ্রাম কলেজ গেটে নাশকতার ঘটনায় চকবাজার থানায় আরেকটি মামলা করা হয়। এ মামলায় ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।’
নগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, কোতোয়ালি থানার মামলায় নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নওসাদ আল জাসেদুর রহমান নশুকে (৩২) একটি একনলা বন্দুকসহ গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাত সাড়ে ৯টায় নগরের চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকার নুরুর চায়ের দোকানের সামনে সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টায় কোতোয়ালি থানাধীন গোয়ালপাড়া সড়কের অফিসার্স ক্লাবের পশ্চিম পাশে একটি ক্লিনিকের সামনের ঝোপ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা এডিসি স্পিনা রানী প্রমাণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই মামলায় বুধবার রাতভর অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়। নগরের কোতোয়ালি, বাকলিয়া, চান্দগাঁও ও চকবাজার থানা পুলিশ তাদের গ্রেফতার করে।’
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির দাবি করেন, ‘বুধবার বিএনপির কেন্দ্র ঘোষিত তারুণ্যের সমাবেশে যাওয়ার সময় চকবাজার এলাকায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। পরে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে জামালখান মোড়ে দেয়ালে অঙ্কিত বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সংবলিত ৪০টি ট্যাম্পার্ড, গ্লাস, মুর্যাল ও নৌকার প্রতীক ভাঙচুর করে। পরে তারা আসকারদিঘী সংলগ্ন আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের কাঁচের নাম ফলক, সিসি ক্যামেরা, মানবতার দেয়াল ভাঙচুর করে। এ ঘটনায় ৭৮ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় সর্বমোট ২২ জন গ্রেফতার আছেন।’








