রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভর করে দেশের একমাত্র কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। গত কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বেড়েছে। কেন্দ্রটির দুটি ইউনিটে বর্তমানে উৎপাদন হচ্ছে ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে পানি কমে গেলে উৎপাদন ব্যাহত হয়। হ্রদে পানির পরিমাণ বেশি থাকলে উৎপাদন বেড়ে যায়। বর্তমানে রেশনিং পদ্ধতিতে দুটি করে ইউনিট পরিচালনা করা হচ্ছে। যার মধ্যে প্রতি সেকেন্ডে ১১ হাজার ৪১৫ কিউসেক ছাড়া হচ্ছে। সর্বশেষ শনিবার (২৪ জুন) রুলকার্ভ অনুযায়ী পানি রয়েছে ৭৫.৩২ (মিনস সি লেভেল) আর পানি থাকার কথা ৮১.৮৪ (মিনস সি লেভেল)।
উৎপাদন বাড়ার কথা জানিয়ে কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবদুজ্জাহের বলেন, ‘সম্প্রতি বৃষ্টি শুরু হওয়ায় ও উজান থেকে পানি নামায় কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে। আগে একটি ইউনিট দিয়ে ২৫ মেগাওয়াট উৎপাদন হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে ৬০-৬৫ মেগাওয়াট। ধীরে ধীরে কাপ্তাই হ্রদে বাড়বে পানি। এতে বিদ্যুৎ উৎপাদনও আরও বাড়বে। আমাদের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট।’









