বিনামূল্যে নগরীর বাসিন্দাদের ডেঙ্গু পরীক্ষা করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (১০ জুলাই) বেলা ১১টায় নগরীর সদরঘাটের চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে এ কার্যক্রম উদ্বোধন করবেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
রবিবার (০৯ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। তিনি বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সিটি করপোরেশনের পক্ষ থেকে জ্বরে আক্রান্ত, সন্দেহজনক রোগীদের বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করানো হবে। পরীক্ষার জন্য কীট কেনা থেকে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।’
ডা. সেলিম আকতার আরও বলেন, ‘ডেঙ্গুর লক্ষণ দেখা দিলেই ফার্মেসি থেকে ওষুধ না কেনে দ্রুত সময়ে টেস্ট করাতে হবে। বাড়ির আশপাশের কোথাও মশা জন্মানোর মতো পানি জমে থাকলে, তা অপসারণ করতে হবে। এ নিয়ে সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে।’








