চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আড়াই বছর বয়সী ওই শিশুর নাম মরিয়ম জান্নাত। নগরীর বন্দর থানা এলাকার বাসিন্দা মরিয়ম গত ১৩ জুলাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাশাপাশি জেলায় আরও ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ডা. সুজন বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৩ জুলাই তার মৃত্যু হলেও আমরা রিপোর্ট পেয়েছি আজ। এ কারণে মৃত্যুর খবরটি আজকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামে এ নিয়ে চলতি বছর ১৪ জনের মৃত্যু হয়েছে।’
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫৪ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে এক হাজার ৩০৩ জন আক্রান্ত হয়েছেন।
সুজন বড়ুয়া বলেন, ‘জুলাই মাসে ৮৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হন; এর মধ্যে মারা গেছেন পাঁচ জন। জুনে ২৮২ জন আক্রান্ত হন; এর মধ্যে মারা গেছেন ছয় জন, মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।’








