চট্টগ্রামের মুরাদপুর ৩৩-১১ সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বন্দর নগরীর বেশ কিছু এলাকা।
রাত ১০টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলেও সমস্যা পুরোপুরি সমাধানে কাজ করছেন প্রকৌশলীরা। বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট জোনের নির্বাহী প্রকৌশলী মো. ময়েন উদ্দিন।
তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ব্রেকার জোনে আগুন লেগে কেন্দ্রের ব্রেকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে খুলশী, ষোলশহর, কাতালগঞ্জ ও মুরাদপুরে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। আগুন নেভানোর পর বিকাল ৫টা থেকে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করেন প্রকৌশলীরা। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলেও কয়েকটি এলাকায় এখনও স্বাভাবিক হয়নি।’
কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মুহাম্মদ বাহার উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে সাত লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪০ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’








