চট্টগ্রামে মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের তিন যাত্রী। বুধবার (২৬ জুলাই) পৌনে ৬টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- প্রাইভেটকারচালক মাহবুব (৩৫) ও যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)। মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে ও মাইনুদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে। দুর্ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, ভোরে কক্সবাজার থেকে কুমিল্লায় যাওয়ার পথে মীরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকারটি ধাক্কা দিলে এতে চালকসহ দুজন ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চালক ঘুম নিয়ে গাড়ি চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।








