এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দুদিন আগে চট্টগ্রামের মীরসরাইয়ে সুমাইয়া বিনতে কালাম (১৭) নামের এক দাখিল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা বলছেন, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৬ জুলাই) বিকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়কমলদহ এলাকার উকিল বাড়িতে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই বাড়ির প্রবাসী আবুল কালামের কন্যা।
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, মেয়েটি ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। শুক্রবার (২৮ জুলাই) তার পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। ফল শোনার আগে মেয়েটি আত্মহত্যা করেছে। খবর পেয়ে নিজামপুর ফাঁড়ি পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
তার শিক্ষা প্রতিষ্ঠানে কথা বলে জানা গেছে, মেয়েটি অনেক মেধাবী ছিল।
নিজামপুর পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) মৌমিন হোসেন বলেন, বুধবার বিকালে পরিবারের সবার অগোচরে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া বিনতে কালাম আত্মহত্যা করেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকায় তার মা তাকে বকাঝকা করেছেন। এই অভিমানে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মীরসরাই থানার ডিউটি অফিসার এসআই জয়নাল বলেন, সুমাইয়ার আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।








