নোয়াখালীর পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৪০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়ার্কশপের হিটিং চেম্বারে শর্ট সার্কিটের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নোয়াখালী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার জাকির হোসেন বলেন, ওয়ার্কশপের হিটিং চেম্বারে বিকাল ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিই। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। অতিরিক্ত তাপমাত্রার কারণে হিটিং চেম্বারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রায় ৪০ লাখ টাকার মালামাল আগুনে নষ্ট হয়েছে বলে ধারণা করছি।
চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা জমির উদ্দিন বলেন, আমরা বিকেল ৪টায় খবর পেয়েছি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের মাইজদী ও চৌমুহনী স্টেশনের চার ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।









