চট্টগ্রামের মীরসরাইয়ে চার দিন জ্বরে ভুগে মোহাম্মদ সাঈফ উদ্দিন সাইমন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) সকাল ৭টায় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
সাইমন উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর আজিম মিঝি বাড়ির মোহাম্মদ সেলিম ও বিবি সুরমার একমাত্র ছেলে। ওই এলাকার বাসিন্দা ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান জানান, চার দিন আগে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউ বিভাগে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টায় সে মারা যায়।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. নাছির উদ্দিন জানান, সাইফ নামে ওই রোগীর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেখে বোঝা যায় ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সাধারণত ১২ থেকে ১৮ বছরের ছেলে-মেয়েদের এ ধরনের জ্বর বেশি হয়। এ ধরনের জ্বর হলে শরীরের রক্ত স্বাভাবিক চলাচল সাময়িক বাধা হয়ে মস্তিস্কে রক্তক্ষরণ, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়।
বুধবার মাগরিবের নামাজের পর তাকে নিজ এলাকায় দাফন করা হয়েছে। জানা গেছে, সাইফ এবার এসএসসি পাস করেছে। ধুমঘাট হাই স্কুল থেকে পরীক্ষা দিয়ে ৩ দশমিক ৩৩ পেয়েছে। বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল, সে পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরবে। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলো। এক ভাই, এক বোনের মধ্যে সাইফ ছোট।









