ফেনীতে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের মুক্তবাজারে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা কৃষি উন্নয়ন পরিষদের সভাপতি এয়াকুব ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ন্যাপ চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া, ফেনী প্রগতিশীল আইনজীবী পরিষদের আহ্বায়ক সমির চন্দ্র কর, ভাসানী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি মশিউর রহমান ও ট্রেড ইউনিয়ন সংঘের জেলা আহ্বায়ক নাসির উদ্দিন ভূঁইয়া সবুজ।
সভায় বক্তারা বলেন, অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা আবুল কাশেম ফজলুল হক তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার জন্য ছিলেন সুপরিচিতি। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। সর্বভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক। এদেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থরক্ষার আন্দোলন করে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। নতুন প্রজন্মকে তার গৌরবময় ইতিহাস জানতে হবে। তার লালিত দেশপ্রেমে জাগ্রত হওয়ার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানান বক্তারা।









