দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বান্দরবান-৩০০ আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নৌকা প্রতীক পান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির এটিএম শহীদুল ইসলাম। ফলে আসনটিতে নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে লাঙ্গল। এখানে আর কোনও প্রার্থী নেই।
সকালে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং-এর পক্ষে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন জেলা আওয়াম লীগের সিনিয়র সহসভাপতি মো. শফিকুর রহমান এবং পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ। আর জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নেন এটিএম শহীদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, স্থানীয় সরকার উপপরিচালক এসএম মনজুরুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘রাজনৈতিক দলের সব প্রার্থী ও অনুসারীকে নির্বাচনি আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে। আজ থেকে প্রচারণা শুরু হচ্ছে।’
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। যা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। বান্দরবান সংসদীয় আসনে মোট ভোটার দুই লাখ ৮৮ হাজার ২৯ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৪৪৬ এবং পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৫৮৪ জন। মোট ভোটকেন্দ্র ১৮২টি। জেলা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ১২টি কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হবে।









