মা ব্যস্ত রান্নাঘরের কাজে। বোনেরা ব্যস্ত গল্পা নিয়ে। এদিকে শিশু আমেনা খাতুন (৪) বসতঘরের পাশে পুকুরের পানিতে ভাসছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের করিমবক্স চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু আমেনা খাতুন ওই গ্রামের কৃষক শাহজাহান ও গৃহিণী সাফিয়ার ছোট মেয়ে। রাত ৮টায় শিশুটিকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত শিশুর পিতা শাহজাহান জানান, মা সাফিয়া রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন। বড় মেয়েরা ঘরের ভেতরে অন্য কাজে ব্যস্ত ছিল। এ সময় বসতঘরের পাশে পুকুর ঘাটে সে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে বাড়ির পুকুরে আমেনা খাতুনকে ভাসতে দেখেন।
পরে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।









