দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ঘিরে নাশকতার শঙ্কায় শনিবার (০৬ জানুয়ারি) বেশ কয়েকটি ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায়নি। একইভাবে রবিবার (০৭ জানুয়ারি) বন্ধ থাকবে সবকটি লোকাল ট্রেন। তবে চালু থাকবে আন্তঃনগর ট্রেন। এমনটি জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মনিরুজ্জামান।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাশকতা এড়াতে চট্টগ্রাম থেকে সবকটি লোকাল ট্রেন রবিবার বন্ধ থাকবে। এর মধ্যে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস, ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তগামী নাসিরাবাদ এক্সপ্রেস, নাজিরহাটগামী ট্রেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ থাকবে।’
মনিরুজ্জামান আরও বলেন, ‘শনিবার লোকাল ট্রেনের মধ্যে শুধুমাত্র চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস চলাচল করেছে। বাকি সব লোকাল ট্রেন বন্ধ ছিল। তবে ১০টি আন্তঃনগর ট্রেন সকাল থেকে বিভিন্ন গন্তব্যে গেছে।’
চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার হাসান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রেনে নাশকতা এড়াতে সতর্ক আছে রেলওয়ে পুলিশ। নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু স্থানে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।’
পুলিশ সতর্ক আছে উল্লেখ করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ শুধু পোশাকে কাজ করছে তা কিন্তু নয়, সাদা পোশাকেও রেলওয়ে পুলিশের টিম কাজ করছে। পাশাপাশি বিভিন্ন এলাকার চেয়ারম্যান-মেম্বারসহ জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে বলেছি আমরা।’
এর আগে শুক্রবার (০৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নারী-শিশুসহ চার জন নিহত হন। দগ্ধ হন আরও আট জন। এ ঘটনার পর থেকে চট্টগ্রাম থেকে কমিয়ে দেওয়া হয়েছে ট্রেন চলাচল।









