কক্সবাজারের টেকনাফে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে টেকনাফ পৌরসভা ও কয়েকটি ইউনিয়নের বেশকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কনকনে শীতের সকালে পুরুষ ভোটারদের উপস্থিতি একেবারে কম হলেও নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।
নৌকার প্রার্থী শাহীন আক্তার ও তার স্বামী আব্দুর রহমান বদি পৌরসভার চৌধুরী পাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর ভোট দেন টেকনাফ মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
নৌকার প্রার্থী শাহীন আক্তার জানান, তিনি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।
এ সময় তার পাশে থাকা সাবেক এমপি বদি বলেন, অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আমি আশাবাদী জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাবে।
বদি আরও বলেন, আমি নিজে ভোট দিয়েছি, এলাকার ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে উৎসাহিত করা হচ্ছে। ভোটাররা উৎসমুখর পরিবেশে ভোট দিতে আসছে।
স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। উখিয়া-টেকনাফের জনগণ নতুন নেতৃত্ব চায়। অপশাসন থেকে মুক্তির জন্য জনগন নিশ্চয় আমাকে নির্বাচিত করবেন।
কেন্দ্র গুলোতে দায়িত্বরত কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা জানান- শীতের কারণে ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যাও বাড়ছে। দুই উপজেলায় মোট ভোটারের সংখ্যা-৩লাখ ২৬ হাজার। কেন্দ্র সংখ্যা- ১০৪টি।









