চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে ১৮টি বসত ঘর। ওই ঘটনায় দগ্ধ হয়েছেন তিন শিশুসহ পাঁচ জন। রবিবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার রায়পুর ইউনিয়নে উত্তর পড়ুয়া পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন- মো. জামাল (৪৫), মো. হেলাল (৩৫), নিহা (১৩), হাসান (১০) ও তানিয়া (৫)। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, জামাল নামে এক ব্যক্তির ঘরে অটোরিকশা চার্জ দেওয়া হয়। সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাল, হেলাল, আবুল কালাম, আবুল কাসেম, আজগর আলী, আমজাদ হোসেন, আনোয়ার, আব্দুস সত্তার, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আমির, মোহাম্মদ জসিম, কাইয়ুম, মোহাম্মদ সেলিম, নুরুল হক, আব্দুল হক, জাহানারা বেগম, আব্দুস সালাম ও মোহাম্মদ ইউছুপের পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আকস্মিক এই অগ্নিকাণ্ডে আনুমানিক তাদের ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুড়ে গেছে জায়গাজমির গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ টাকা।
আনোয়ারা ফায়ার স্টেশনের ইনচার্জ মং সুইন্যু মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার রাত দেড়টার সময় রায়পুর ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে সাত লাখ টাকা ক্ষতি হয় আট লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় ইউনিয়নের সদস্য মো. ইসহাক বলেন, রবিবার রাতে আমার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৮ জনের ঘর পুড়ে গেছে। এই ঘটনায় শিশুসহ পাঁচ জন আহত হন। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।









