প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ‘কুইন’ জাতের ৫০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার (২৩ জুন) দুপুর সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তান্তর করা হয়।
মোট ১০০ কার্টনে ভরা ৬০০ পিস ত্রিপুরার বিখ্যাত এই আনারস গ্রহণ করেন আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার। তার কাছে ফলগুলো হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য।
ড. দীপক বৈদ্য জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপহার এই আনারস। এটি বিশ্বের অন্যতম সেরা জাতের একটি। খেতে খুবই সুস্বাদু ও রসালো। এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধুর সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এসময় সেখানে চট্টগ্রামের ভারতীয় উপহাইকমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তী ও বিএসএফের ৪২ ব্যাটালিয়নের ইনচার্জ সন্তোষ কুমারসহ দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









