ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের দুটি জানালার গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সোনাইমুড়ীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি। এটি সোনাইমুড়ী স্টেশন ছেড়ে আসলে হঠাৎ ট্রেনে পাথর ও কাঠের টুকরো ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত ‘ক’ বগির দুটি জানালার গ্লাস ভেঙে যায়।
নোয়াখালী রেলওয়ে স্টেশনের মাস্টার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্বৃত্তের হামলায় উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি জানালার গ্লাস ভেঙে যায়। কারা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’








