চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক ওরফে এ এফ কবির মানিক ও তার স্ত্রী তাহেরা কবিরসহ চার জনের বিরুদ্ধে করা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৭ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার (৭ জুলাই) আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের। দুদকের আইনজীবী কাজী ছনোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেন।
এ মামলায় অভিযুক্ত বাকি দুই আসামি হলেন- জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান কারভি রাকসান্দ ধ্রুব ও প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী।
দুদকের আইনজীবী কাজী ছনোয়ার আহমেদ লাভলু বলেন, পরবর্তী ধার্য তারিখে অভিযোগ গঠনের ওপর আদালতে শুনানি হবে।
মামলার অভিযোগে বলা হয়- লালখান বাজারের মতিঝর্ণার ওয়াসার পুরাতন পানির ট্যাংক নামক সরকারি পাহাড়ের পাদদেশের ভূমিতে লালখান বাজার এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য জাগো ফাউন্ডেশন নামক একটি এনজিও প্রতিষ্ঠান তিন তলা একটি ভবন নির্মাণ করে। অথচ জাগো ফাউন্ডেশনের যে স্কুল রয়েছে সেই স্কুলের জমিটি ৯ বছর আগে থেকে তৎকালীন কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকের কাছ থেকে ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। জমিতে জাগো ফাউন্ডেশন এবং কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যেখানে কাউন্সিলরকে এককালীন ভাড়া বাবদ ২৮ লাখ ১১ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। কাউন্সিলর মানিক সরকারি সম্পত্তির ভুয়া মালিক সেজে ওই অর্থ গ্রহণ করে। তার স্ত্রী তাহেরা কবির দ্বিতল ভবনের মালিক সেজে ৯ লাখ ৫৪ হাজার টাকা গ্রহণ করেন।
দুদক সূত্র জানিয়েছে, দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে ২০২১ সালের ৮ নভেম্বর দুদকের সহকারী পরিচালক আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন। ঘটনার সত্যতা পাওয়ায় এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক সজেকা চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে তিন বার কাউন্সিলর ছিলেন। সর্বশেষ গত ২০২১ সালের জানুয়ারি মাসে চসিক নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হন।








