চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে ১৬ ও জেলা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় সাত জনকে। চট্টগ্রামে সবমিলিয়ে সোমবার পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে করা মোট ৩১টি মামলায় ৯২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি-পিআর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রাম মহানগরীতে কোটাবিরোধী আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় ২০টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে নগর পুলিশের অভিযানে এখন পর্যন্ত ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের নামে সহিংসতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় সাত জনকে গ্রেফতার করা হয়। জেলায় এ পর্যন্ত এসব মামলায় গ্রেফতার করা হয়েছে মোট ৩৮৮ জনকে।








